ব্যাংক কর্মকর্তার জাল স্বাক্ষরে টাকা উত্তোলন
ঝালকাঠীর নলছিটি উপজেলায় একটি ব্যাংকের কর্মকর্তার স্বাক্ষর জাল করে টাকা তুলে পালানোর সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার শাহীন মাতুব্বর (২৬) মাদারীপুরের গুলসি গ্রামের বাসিন্দা।
অগ্রণী ব্যাংক নলছিটি শাখার ব্যবস্থাপক আবদুল আজিজ জানান, সকাল ১১টার দিকে ব্যাংকের হিসাবধারী রানা আহম্মেদ নামের এক ব্যক্তি তিন লাখ টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসেন।
রানা নিজের হিসাব নম্বরের চেকটির উপর হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষর জাল করে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে তিন লাখ টাকা উত্তোলন করেন।
টাকা নিয়ে রানা ও তার সহযোগীরা ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পর ক্যাশিয়ার চেকটি যাচাইয়ের জন্য পাঠান।
যাচাইকালে দেখা যায়, রানা আহম্মেদের হিসাব নম্বরে মাত্র দুই হাজার টাকা রয়েছে। এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষের দেয়া তথ্যে পুলিশ নলছিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে একলাখ টাকাসহ রানার সহযোগী শাহীন মাতুব্বরকে গ্রেপ্তার করে। তবে রানা পালিয়ে যান।
নলছিটি থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার শাহীন মাতুব্বর ও পলাতক রানা আহম্মেদ উভয়ই মাদারীপুর জেলার গুলসি গ্রামের বাসিন্দা।
তারা দুজনেই পূর্বপরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
