২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল

আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জে সর্বাত্ম হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 09:37 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

নূর হোসেনের বাড়িতে অভিযানে গাড়ি জব্দ, আটক ১২

এতে রোববার কার্যত অচল হয়ে পড়ে নারায়ণগঞ্জ শহর।

হরতালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন ও বাস চলাচল করেনি। শহরে রিকশা চলাচলও ছিল কম, দোকানপাট ছিল বন্ধ। হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন জেলা আইনজীবী সমিতির নেতাকর্মীরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেখানে একটি গাড়িতে ভাংচুর চালান পিকেটাররা।

এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা।

এ সময় হরতালের সমর্থনে অনেককে লাঠিসোটা নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়।

যান চলাচল বন্ধ থাকায় হেঁটে চলাচল করতে হয় নগরবাসীকে।

আব্দুর রহিম নামে এক পোশাক কারখানার কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুম, খুনের কারণে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তাতে হরতালে মানুষের কষ্ট হলেও মানুষ এই হরতালকে সমর্থন করছে। এই কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও আমাদের কোনো কষ্ট হচ্ছে না।

“আমরা চাই দেশ থেকে সকল প্রকার গুম, খুন বন্ধ হোক এবং হত্যায় জড়িতরা গ্রেপ্তার হোক।”

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা একটি ট্রেন পিকেটাররা ফতুল্লায় আটকে দেয়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। আমাদের হরতালে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ হরতাল পালন করেছে।”

শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ বিক্ষোভ করে।

এদিকে একই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে নগর ভবনের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী।

তিনি বলেন, “একের পর এক হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসী জিম্মি হয়ে পড়েছে। গডফাদারদের কাছ থেকে মানুষ মুক্তি চায়। মেধাবী ছাত্র ত্বকী, ব্যবসায়ী আশিক, ভুলু, নাট্যকার দিদারুল ইসলামের খুনিদের বিচার হয়নি।

“সর্বশেষ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জ গুম, হত্যা চায় না। নারায়ণগঞ্জের মানুষ শান্তি চায়। তাই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হোন।”

হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।