২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া লঞ্চ তীরে, ১৫ লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়ে ডুবে যাওয়া লঞ্চটি প্রায় ৩০ ঘণ্টা পর তোলা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 09:11 AM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বরিশাল থেকে রওনা হয়ে প্রায় ২৬ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবে থাকা এমভি শাথিল-১ লঞ্চটি তুলে আনে উদ্ধারকারী নৌযান রুস্তম।

শনিবার বিকালে কলাগাছিয়া নদীতে লঞ্চটি ডুবে যাওয়ার পর আটজনের লাশ উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় দিনে সাতজনকে নিয়ে মোট ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চটি তুলে আনার পর উদ্ধার অভিযান প্রশাসন শেষ করলেও এখনো অন্তত ১২ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার সাংবাদিকদের বলেন, “যদি কেউ নিখোঁজ থাকে, তবে লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হবে।”

লঞ্চডুবির এই ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তাও দিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালীগামী ছোট এই লঞ্চ কলাগাছিয়া নদীতে ঝড়ের মধ্যে পড়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায়।

এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। রাত সোয়া ৯টায় বরিশাল ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ১৭ জনের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন।

রোববার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরুর পর দুপুর পর্যন্ত আরো পাঁচজনের লাশ পাওয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গলাচিপা উপজেলার কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম।

সন্ধ্যা সোয়া ৭টায় দুর্ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার দূরে আরেকটি লাশ ভেসে ওঠে বলে গলাচিপার ভারপ্রাপ্ত ইউএনও কাজী সায়েমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এরপর রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয় একটি শিশুর লাশ।

উদ্ধার করা লাশের মধ্যে ১১ জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালীর মাহেন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ণ চন্দ্র মিস্ত্রি (৬০), রাঙ্গাবালী উপজেলার মাঝনেতা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নিপু বেগম (৩৫), গঙ্গিপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে শিফাত (৬), সানেরহাওলা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), কাঁটাখালী এলাকার রনি শরীফের মেয়ে চিম্মি আক্তার (৬), একই উপজেলার কুদ্দুস হাওলাদারের স্ত্রী লুৎফা বেগম (৫৫), গলাচিপা পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার ছিদ্দিক মহুরীর মেয়ে রুনিয়া বেগম (২৫), রাশিদা বেগম (৪০), মিজানুর রহমান (৩৫), রেনু আক্তার লিজা (২৫) ও নাসিমা আক্তার (৩৫)।

সায়েমুজ্জামান জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর ১১ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

এ নৌদুর্ঘটনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও জেলা প্রসাশনের পক্ষ থেকে তিনটি কমিটি করা হয়েছে।

জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, লঞ্চডুবির বিষয়টি খতিয়ে দেখতে ঢাকার নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোহাম্মদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে তাদের প্রতিবেদন দিতে হবে।

এছাড়া নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিনকে ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর বাইরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ফেরি বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সদস্য করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাদের তিন দিনের মধ্যে জেলা প্রসাশকের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুরনো খবর:

পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চডুবি, ৮ লাশ উদ্ধার