পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চডুবি, ৮ লাশ উদ্ধার
পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখী ঝড়ের মধ্যে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রাত পৌনে ১১টার পর্যন্ত সর্বমোট মৃত উদ্ধার হলো ৮ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালী যাওয়ার পথে কলাগাছিয়া নদীতে ঝড়ের মধ্যে পড়ে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ এম এল সাথিল।
রাতে ঘটনাস্থল থেকে গলাচিপা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সায়েমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১১টার দিকে এক অন্তঃস্বত্ত্বা নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার সাতজনের মৃতদেহ উদ্ধারের কথা জানান।
ভারপ্রাপ্ত ইউএনও বলেন, “ইতোমধ্যে সাতটি লাশ স্ব স্ব পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।”
যাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন- কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালীর মাহেন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ন চন্দ্র মিস্ত্রি (৬০), রাঙ্গাবালী উপজেলার মাঝনেতা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নিপু বেগম (৩৫), গঙ্গিপাড়া এলাকার শাহিন মিয়ার শিশুপুত্র শিফাত (৬), সেনেরহাওলা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), কাঁটাখালী এলাকার রনি শরীফের শিশুকন্যা চিম্মি আক্তার (৬), একই উপজেলার কুদ্দুস হাওলাদারের স্ত্রী লুৎফা বেগম (৫৫), গলাচিপা পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার ছিদ্দিক মহুরীর মেয়ে রুনিয়া বেগম (২৫)।
সায়েম জানান, পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সন্ধ্যায় ঘটনাস্থল থেকে জেলা প্রশাসক জানান, সাড়ে ৬টা পর্যন্ত দুই শিশু ও চার নারীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। শিশুসহ গুরুতর অবস্থায় ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা-কর্মচারী, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করেন।
পরে রাত সোয়া ৯টায় বরিশাল ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ১৭ জনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে থেকে উদ্ধারকাজে যোগ দেন।
সর্বশেষ লঞ্চের অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরো জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তম রোববার সকাল ৬টার দিকে নিমজ্জিত লঞ্চটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছবে।
