দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন রাষ্ট্রপতি।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ মন্ত্রিসভার সদস্যরা।
তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।
গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর যান আবদুল হামিদ। রাষ্ট্রপতি হওয়ার পর চিকিৎসার জন্য এটা তার চতুর্থ সিঙ্গাপুর সফর।
সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি।
স্পিকারের দায়িত্ব পালনের সময়ও সিঙ্গাপুরে চোখের গ্লুকোমা রোগের জন্য চিকিৎসা করাতেন আবদুল হামিদ।
