খালেদার ‘জঙ্গিসম্পৃক্ততা’ নিয়ে গণমাধ্যম ‘নীরব’: ইনু
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জঙ্গিবাদের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবসে শনিবার তথ্য মন্ত্রণারেয় আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার ‘জঙ্গিসম্পৃক্ততায়’ বাংলাদেশের গণমাধ্যমের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলে এই আহ্বান জানান তিনি।
আলোচনায় গণমাধ্যমের দুর্বলতার প্রসঙ্গ টেনে ইনু বলেন, জঙ্গিবাদকে গণমাধ্যম চিহ্নিত করতে পারছে। সন্ত্রাসকে চিহ্নিত করতে পারছে, এ জন্য ধন্যবাদ জানাই।
“জঙ্গিবাদের সমর্থক, আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক যে নেতা-নেত্রী, যে নেতা-নেত্রী জঙ্গিবাদের সঙ্গে পার্টনারশিপ করে, সেই নেতা-নেত্রী সম্পর্কে গণমাধ্যম নিরবতা পালন করছে।”
“আপনাকে বুক ফুলিয়ে বলতে হবে, জঙ্গিবাদ হচ্ছে গণমাধ্যমের শত্রু। আর জঙ্গিবাদের সমর্থক খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও গণমাধ্যমের মহাশত্রু।”
“কেবল ওয়েজবোর্ড নিয়ে কথা বলবেন, আর জঙ্গিবাদ নিয়ে নীরবতা অবলম্বন করবেন, মুখ বন্ধ করে রাখবেন। এভাবে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা যায় না,” বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রাষ্ট্র এখন আর গণমাধ্যমের প্রতিপক্ষ নয়। গণমাধ্যমের প্রতিপক্ষ এখন রাজনীতির খলনায়ক জঙ্গিবাদ।
এই দিবসের আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বাক স্বাধীনতার সীমালঙ্ঘন ও অধিকার লঙ্ঘনের মধ্যে সীমারেখা টানার আহ্বান জানান।
“বাক স্বাধীনতা আর বাক স্বাধীনতার নামে সমাজে বিশৃঙ্খলা তৈরির সীমারেখা সংবিধানে বলা আছে। প্রতিনিয়ত সরকারকে এবং গণমাধ্যমকে এটা রপ্ত করতে হয়। আমি-আপনি যা ইচ্ছা, তাই ছাপতে পারি না, প্রকাশ করতে পারি না।”
