‘অস্বচ্ছ পুঁজি এবং কালোবাজারি মালিক গণমাধ্যমের বড় হুমকি’
সরকার বা প্রশাসন নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্য মূল অন্তরায় হিসেবে অস্বচ্ছ পুঁজি এবং কালোবাজারি মালিকদের চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও অবজার্ভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই-বিদেশি অনেকের এই সমালোচনার জবাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শনিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইকবাল সোবহান বলেন, এখন সরকার আর গণমাধ্যমের স্বাধীনতার শত্রু নয়।
“এই ইস্যু যখন আসে, তখন বলতে হয়, অস্বচ্ছ পুঁজি বা কালো বাজারের টাকা যদি গণমাধ্যমে অনুপ্রবেশ করে, সেখানে একজন সাংবাদিক হিসাবে আপনি কতটুকু নীতি নৈতিকতা নিয়ে কাজ করতে পারবেন, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি।”
“আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখি, আমাদের সাংবাদিকরা একে অন্যের বিরুদ্ধে কালোবাজারিদের হয়ে কলম ধরি।”
এর বিরুদ্ধে সাংবাদিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ইকবাল সোবহান।
কয়েকটি সংবাদ মাধ্যম নীতি বিসর্জন দিয়ে জঙ্গিবাদের পক্ষে, স্বাধীনতার বিরোধী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই প্রবণতা আমরা যদি পরিহার করতে না পারি, তাহলে এই মুক্ত গণমাধ্যম দেশের গণতন্ত্র ও মুক্ত ভবিষ্যত সৃষ্টি করতে পারবে না।”
