২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডাকাতি, গৃহবধূকে ধর্ষণ

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করেছে ডাকাতরা। পরে তারা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার রাতে বাগাট ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার মধুখালী থানায় মামলা হওয়ার পর দুজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মধুখালী থানার এসআই আব্দুর রব জানান, দক্ষিণ পাড়া গ্রামের ওই বাড়িতে (গৃহকর্তার নাম প্রকাশ করা হলো না) ভোর রাতে ৫/৭ জনের ডাকাত ঢোকে।

ঘরে ঢুকে সন্তানকে জিম্মি এবং গৃহকর্তাকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ডাকাতরা। এরপর গৃহকর্তার স্ত্রীকে (২৮) ধর্ষণ করে ডাকাতদল। 

পরে তারা মোবাইল ফোন সেট ও নগদ টাকা নিয়ে যায়।

এসআই রব আরো জানান, এ ঘটনায় ওই ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত রইচ ও ইব্রাহিম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান এসআই।

বাগাট ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকায় গত কয়েকসপ্তাহ ধরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতির সঙ্গে গণধর্ষণের ঘটনাও ঘটল এবার।