পাল্টাপাল্টি দোষারোপ চললে গুম-খুন বন্ধ হবে না: মিজানুর
পরস্পর দোষারোপ না করে গুম-খুনে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
নারায়ণগঞ্জে সাতজনের অপহরণ করে হত্যার পর সে দিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে শনিবার বরগুনায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মিজানুর বলেন, “এরকম একটি বিষয় নিয়ে যদি শুধু রাজনৈতিক খেলা চলতে থাকে, তাহলে কিন্ত সমস্যার উত্তরণ সম্ভব হবে না। পারস্পরিক দোষারোপ সমস্যার সমাধান না।”
“মানুষ অপহৃত হচ্ছে, গুম হচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আটক বাণিজ্য চলছে। এসব বন্ধ করুন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুণ,” আহ্বান জানান তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সরকারের উদ্দেশে বলেন, “সর্ষের ভেতরেই ভুত রয়েছে। আগে সেই ভুতটিকে চিহ্নিত করুন।”
‘চাটুকারদের’ কাছ থেকে দূরে থাকতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তিনি।
ফাইল ছবি
গুম-খুন নিয়ে খালেদা জিয়ার ‘রেড এলার্ট’ এবং শুধু নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপির পরামর্শেরও সমালোচনা করেন মিজানুর।
“আমি বিস্মিত হই যে একটি জাতীয় রাজনৈতিক দল কী করে দেশের জনগণের কথা না ভেবে শুধু নিজেদের স্বার্থে কথা ভাবে।”
জাতীয় মানবাধিকার কমিশনের বরগুনা জেলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান।
আরডিএফ মিলনায়তনে জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভুইয়ার সভাপতিত্বে সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিনা হোসেন, কমিশনের সচিব এম এ সালামসহ স্থানীয় মানবাধিকারকর্মীরা এতে অংশ নেন।
