২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ব্যবসায়ী হত্যার আসামি গ্রেপ্তার ছাতকে

সিলেটের দক্ষিণ সুরমায় ডেকে এনে সিরাজগঞ্জের কাঠ ব্যবসায়ী আবুল কাশেমকে হত্যার ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলন র‌্যাব জানায়, ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার বৈশাকান্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন সিরাজগঞ্জের ঘোসারিয়ার আব্দুল মজিদ মাস্টারের ছেলে জহুরুল ইসলাম ও তার স্ত্রী রুজিনা খাতুন। তারা দক্ষিণ সুরমার রায়গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক মুফতি মাহমুদ খান জানান, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরসলিয়াবাদ গ্রামের প্রয়াত মো. সেকান্দর আলীর ছেলে কাঠ ব্যবসায়ী মো. আবুল কাশেমের সঙ্গে লেনদেন ছিল জহুরুলের।

ছয় মাস আগে কাশেমের কাছ থেকে ১ লাখ টাকা ঋণ নেয় জহুরুল। পাওনা টাকা ফেরত দিতে চাপ দিলে জহুরুল গত ২২ এপ্রিল কাশেমকে ফোন করে সিলেট ডেকে আনে।

এরপর কাশেমকে আটকে রেখে ফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

২৩ এপ্রিল রাতে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে কাশেমকে জহুরুল ও তার স্ত্রী খুন করে তাদের ভাড়া বাড়ির সেফটিক ট্যাংকে ফেলে পালিয়ে যায়।

২৭ এপ্রিল দক্ষিণ সুরমার রায়গ্রামের সমুজ মিয়ার বাড়ির সেফটিক ট্যাংক থেকে কাশেমের লাশ উদ্ধার করা হয়। জহুরুল ও তার স্ত্রী সমুজ মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।