ছেলের বটির কোপে বাবার মৃত্যু
রাজধানীর ডেমরায় ছেলের বটির কোপে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ডেমরার চনপাড়ার তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন (৪২) পেশায় একজন রিকশাচালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে জাহাঙ্গীরের মা সাহারা বেগম ছেলেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মার বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে বিকালে বাসায় জাহাঙ্গীর তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিল। এসময় জাহাঙ্গীরের ২০ বছর বয়সী ছেলে কাদের তাকে বটি দিয়ে কোপ দিলে তিনি মারাত্মক আহত হন।
ঘটনার পর কাদের পালিয়ে যান বলে স্বজনরা জানিয়েছেন।
কোপে জাহাঙ্গীরের বুকের ডানপাশে গভীর ক্ষত হয় বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।
