২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু বাড়িতে হামলা: আটক ৯ জন রিমান্ডে

ফেইসবুকে নবীকে কটাক্ষ করার গুজব রটিয়ে কুমিল্লার হোমনায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় আটকদের মধ্যে নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 10:16 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

গুজব রটিয়ে হিন্দু পল্লীতে হামলা

মঙ্গলবার বিকালে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান, হামলার ঘটনায় বাঘসীতারামপুর গ্রামের ডা. হরিপদ দাসের দায়ের করা মামলার দেড় সহস্রাধিক আসামির মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

“তাদের মধ্যে তিনজন- হোমনার চান্দেরচর গ্রামের হারুন মিয়ার ছেলে আশিক মিয়া (২১), সামাদ মিয়ার ছেলে কবির (৩৫) ও বাঘসীতারামপুর গ্রামের জাহেদ আলীর ছেলে রাসেল হোসেন (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

বাকী নয়জনকে সাতদিনের রিমান্ডে চাইলে আদালত দু’দিনের হেফাজত মঞ্জুর করেন।

তারা হলেন- হোমনার চান্দেরচর গ্রামের ফজলুল করিমের ছেলে দীন ইসলাম (২৫), জাহেদ আলীর ছেলে আলতাফ (২৪), আব্দুস সামাদের ছেলে আবিল মিয়া (২৪), মীর্জাপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে হানিফ (২৪), আমির হোসেনের ছেলে আল আমিন (২০), আবুল হাশেমের ছেলে রবিউল্লাহ (২৭), বাঘসীতারামপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৩) ও মোবারক হোসেনের ছেলে ওমর ফারুক (২৮)।

রোববার সন্ধ্যায় কুমিল্লার হোমনা উপজেলার সীমান্তবর্তী বাঘসীতারামপুর গ্রামে পাশের উপজেলা মুরাদনগরের পাঁচকিপ্টা গ্রামসহ পাশের কয়েকটি গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেয় বলে স্থানীয়রা জানায়।

হোমনার থানার ওসি আসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই হিন্দু যুবক মহানবীকে (সা.) কটাক্ষ করে ফেইসবুকে পোস্ট দিয়েছে- এমন গুজব রটিয়ে পাঁচকিপ্টা গ্রামসহ পাশের কয়েকটির গ্রামের কয়েকশ’ লোক বাঘসীতারামপুর গ্রামের হিন্দুপল্লীতে হামলা চালিয়ে ২৮টি পরিবারের বাড়িঘর ও মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।

মুরাদনগর উপজেলার ১১ নম্বর দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচকিপ্টা গ্রামের রামপুরা মাদ্রাসার মাইক থেকে প্রচার করা হয় যে মহানবীর (সা.) বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট দেয়া হয়েছে।

“এরপরেই আশপাশের কয়েক গ্রামের বাসিন্দাদের একত্রিত করে বাঘসীতারামপুরের হিন্দু বাড়িগুলোতে আক্রমণ করা হয়।”

ঘটনার পর পাঁচকিপ্টা গ্রামের সব পুরুষ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি আসলাম।

তবে হামলায় জড়িত থাকার অভিযোগে আশপাশের কয়েকটি গ্রাম থেকে ১১ জনকে আটক করা হয়। 

দুই বছর আগে কক্সবাজারের রামুতে এই ধরনের ঘটনায় বৌদ্ধ পল্লীতে হামলা হয়েছিল। গত বছর পাবনায়ও ফেইসবুকে গুজব ছড়িয়ে হামলা হয়েছিল হিন্দুদের ওপর।