লক্ষ্মীপুরে এক নারীকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাক বিতণ্ডার এক পর্যায়ে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের হামলাকারীরা।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
নিহত খতেজা আক্তার মলি ওই গ্রামেরই কাজী শাহাদাত হোসেনের কন্যা ও খাগড়াছড়ি জেলার রেজাউল করিমের স্ত্রী।
সদর থানার এস আই জিল্লুর রহমান জানান, পাঁচপাড়া গ্রামের কাজী শাহাদাত হোসেন ও মোবারক উল্লাহর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে মোবারক উল্লাহর ছেলে লিটন, কিরন, মামুনসহ পরিবারের সদস্যরা কাজী শাহাদাত উল্লার ঘরে লাঠিসোটা নিয়ে হামলা করে।
এসময় খতেজা আক্তার, রেজিয়া বেগম, ফাতেমা বেগম, কাজী ইয়াছিন, ওবায়দুল শিকদারসহ কাজী শাহাদাতের পরিবারের ৫ সদস্য আহত হয়।
আহতদের সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় খতেজা আক্তার মারা যান।
এস আই জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
