বরিশালে ছিনতাইকারী আটক, গুলিবিদ্ধ ২
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছিনতাই করে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
এসময় ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন দুইজন।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রোববার রাতে উপজেলার পয়সার হাট বাসস্ট্যান্ডে গুলির ঘটনায় আহতরা হলেন, বাস কাউন্টার শ্রমিক মিজান গাজী (৩২) ও পল্লী চিকিৎসক চৈতন্য রায় (৩৮)।
তিনি জানান, একটি পিস্তল ও চারটি গুলিসহ আটক ছিনতাইকারীর নাম শাহ আলম মন্ডল (৩৫)। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে হলেও ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন।
ওসি সাজ্জাদ বলেন, “বিকালে গৌরনদীর বাটাজোর এবং উজিরপুরের বামরাইলের সীমান্তবর্তী মোড়াকাঠী এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে বিকাশ এজেন্টের এক কর্মীর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় চার সদস্যের একটি ছিনতাইকারী দল।
এসময় ছিনতাইকারীরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দু’জন গুলিবিদ্ধ হয়। তারা এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
তবে বাকি তিন জন পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার ওই বিকাশ এজেন্ট কর্মীর পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারে নি পুলিশ।
আহত শাহ আলমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
এদিকে, বরিশাল নগরী থেকে ২০ রাউন্ড গুলিসহ রোববার রাতে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে আটক হেলাল উদ্দীন আকন (৪০) পিরোজপুর জেলার শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা।
এসময় তার কাছ থেকে গুলি ছাড়াও ৮ লাখ টাকার একটি ব্যাংক চেক ও জমির দলিল উদ্ধার হয়।
বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ভাস্কর সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলালকে আটক করা হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেলাল প্রতারক চক্রের হোতা। তার সঙ্গে জলদস্যুদের সখ্যতা রয়েছে।”
