কুড়িগ্রামে নৌকায় ডাকাতি
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ব্যবসায়ীদের নৌকায় ডাকাতি হয়েছে।
রোববার সকালে ব্রহ্মপুত্র নদের নাওশালা এলাকায় এ ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতরা নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ডাকাতির শিকার ওই নৌকার মাঝি মশিউর রহমান বলেন, চরনেওয়াজী ও কাউনিয়ার বাজারের ১০ জন ব্যবসায়ী ডিজেল ও কেরোসিন কেনার জন্য চিলমারী ভাসমান ডিপোতে যাচ্ছিল। এছাড়া চিলমারী হাটে যাওয়ার জন্য আরো ১০ জন ব্যবসায়ী নৌকায় ছিল।
“ডাকাতরা নৌকায় সবার কাছ থেকেই নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।যাওয়ার সময় তারা নৌকার শ্যালো মেশিনটি বিকল করে দিয়ে যায়।”
ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, ডাকাতরা তাদের কাছ থেকে নদগ টাকা ও মোবাইলফোনসহ তাদের কাছ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।
“যেখানে ডাকাতি হয়েছে তার পূর্বপাশেই ঢুষমারা জলথানা পুলিশ ফাঁড়ি। ডাকাতির সময় ব্রহ্মপুত্র নদে পুলিশের কোনো টহল ছিল না। ডাকাতির খবর পেয়ে একঘণ্টা পর ঢুষমারা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।”
ঢুষমারা (জলথানা) থানার ওসি মেজবাউল ইসলাম ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ‘পুলিশের টহল বের হয়েছে। ডাকাতদের ধরার জন্য নদে অভিযান শুরু হয়েছে।’
