ফেনীতে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিক (২৮) ও একরামুল হক (৪৪)।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের আরেক যাত্রী সোহাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
হতাহতরা সবাই লেমুয়া বাজারে পাটির ব্যবসা করেন।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
