২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক মন্ত্রিপরিষদ সচিব সভা শুরু শনিবার

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্কের মন্ত্রিপরিষদ সচিবদের দুই দিনব্যাপী দ্বিতীয় সভা রাজধানীতে শুরু হচ্ছে শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  সাক্ষাতের মধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের সভার কার্যক্রম শুরু হবে।

এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।

রুপসী বাংলা হোটেলে আয়োজিত এই সভায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ সচিবরা যোগ দিচ্ছেন।

সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল গঠন করা হয়েছে।

রোববার শেষ হতে যাওয়া এই সভায় প্রশাসনিক সংস্কার ও সুশাসন, সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন প্রভৃতি বিষয় প্রধান্য পাবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।