২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধান বাঁচাতে ক্ষেতের পাশে মানববন্ধন

ধান বাঁচাতে ধানক্ষেতের পাশে মানববন্ধন করেছেন গাইবান্ধার কৃষকরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:08 PM

বুধবার সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে সেচের পানির অভাবে ফেটে যাওয়া ধানের জমির পাশে এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।

বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে সেচ দিতে না পারায় ক্ষেতের উঠতি ইরি ধান নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য বিদ্যুৎ গ্রাহক ও অধিকার আদায় সংগ্রাম পরিষদের আয়োজনে ওই এ মানববন্ধনে অংশ নেয় কৃষক, কৃষাণি ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার কয়েকশ মানুষ।

এ সময় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, প্রভাষক নিলুফার ইয়াসমীন শিল্পী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, কৃষক আজগর আলী, নুরুন্নবী মিয়া, শাহীন মিয়া, আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম, শাহজামাল ইসলাম মধু, সাজু মিয়া, কৃষাণি মনিরা আক্তার মনি প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উঠতি ইরি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। সেচ দিতে না পারায় ধান ক্ষেতের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে।

বিদ্যুতের অভাবে আবাদের ক্ষতি হলে আগামীতে বিদ্যুৎ বিল পরিশোধ করা বন্ধ করে দেয়ার হুমকি দেন তারা।