আড়াইহাজারে আ. লীগের সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালু মহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে মেঘনা নদীর শম্ভুপুরা এলাকায় এ সংঘর্ষে গুলিবিদ্ধ দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
আড়াইহাজার থানার খাগকান্দা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) খালিদ হাসান জানান, বিকেল ৩টার দিকে মেঘনা নদীর শম্ভুপুরা এলাকায় কালাপাহাড়িয়া ইউনিয়ন তরুণ লীগের সভাপতি ইজারাদার জয়নাল আবেদীন বালু উত্তোলন করছিলেন।
এ সময় কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ. সাত্তারের নেতৃত্বে ৪০/৪৫ জন লোক কদমীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়নালের লোকজনকে বাধা দেয়।
তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসআই খালিদ জানান, সংঘর্ষে উভয়পক্ষের আহত ১৫ জনের মধ্যে গুলিবিদ্ধ মো. হানিফা (৩০) ও মমতাজ বেগমকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আমিনুল ইসলাম জানান, হানিফা ও মমতাজ বেগমকে এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। হানিফের ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।
