গাজীপুরে বাসচাপায় তিন তরুণ নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন-শ্রীপুরের গলদাপাড়া গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে বিল্লাল হোসেন (১৮), ভুতুলিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকবর হোসেন (১৮) ও কপাটিয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন (১৭)।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন জানান, বেলা পৌনে ২টার দিকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় বিপরীতমুখী মোটরসাইকেলের আরোহী বিল্লাল মারা যান।
আহত আকবর ও সুমনকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ থানায় রয়েছে এবং বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
