সাক্ষী না আসায় বাঁশখালী হত্যা মামলার শুনানি পেছালো
সাক্ষী হাজির না হওয়ায় আলোচিত বাঁশখালী ১১ হত্যা মামলায় নির্ধারিত দিনে শুনানি হয়নি।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হ্লা মং এর আদালতে সাক্ষী আহসান উল্লাহ চৌধুরীকে আসামি পক্ষের আইনজীবীদের জেরার দিন নির্ধারিত ছিল।
চট্টগ্রাম জেলা পিপি আবুর হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাক্ষী আহসান উল্লাহ চৌধুরী হাজির না হওয়ায় তাকে জেরা করা সম্ভব হয়নি।
“আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।”
এর আগে গত ২৫ মার্চ আদালতে সাক্ষ্য দেন বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পর তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল বাদি হয়ে মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু ২০০১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এরপর ওই বছরের ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এতে ডাকাতির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, খুন ও লুটতরাজের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
কিন্তু রাষ্ট্রপক্ষ ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আগের অভিযোগ বাদ দিয়ে আসামি আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকান্ডের অভিযোগ গঠনের আবেদন জানায়।
এরপর ওই বছরের ১৯ এপ্রিল এ হত্যা মামলায় ৩৮ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে আদালত।
তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এ মামলার আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি।
