‘শিশুর হাতে’ শিশু খুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক শিশুকে হত্যার অভিযোগে আরেক শিশুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে শিমুলিয়া গ্রামের মুক্তার আহম্মদের ছেলে মো. মোহছেন (৬) নিখোঁজ হয় এবং রাতে তার লাশ পাওয়া যায়। শনিবার মেহেদীকে আটক করে পুলিশ।
মেহেদী পুলিশকে জানায়, তার ছোট ভাই জাহিদ হাসান ও মোহছেন এক সঙ্গে লোটরা মক্তবে লেখাপড়া করে। তিন-চারদিন আগে তারা দুজন মারামারি করলে বিষয়টি ছোট ভাই জাহিদ হাসান তাকে জানায়।
এতে ক্ষিপ্ত হয়ে সে মোহছেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাগৈ এলাকায় রাসেলের সহযোগিতায় গলাটিপে হত্যা করে।
শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক মামুন জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মোহছেন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। গভীর রাতে স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন শিশু মেহেদী হাসানকে জিজ্ঞাসা করলে মোহছেনকে মারধরের বিষয়টি স্বীকার করে।
তার স্বীকারোক্তি মতে উপজেলার রাগৈ এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহছেনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি মোজাম্মেল আরো জানান, মেহেদীকে আটক করলেও তার সহযোগী রামগঞ্জের আশার গোডা গ্রামের রাসেলকে (২২) ধরা সম্ভব হয়নি।
রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
