২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পোশাক কারখানায় বিক্ষোভ

চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বেতনের দাবিতে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার প্রায় তিন হাজার শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 08:41 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার দুপুরে ডে ফ্যাশন অ্যাপারেলস ও ম্যানস অ্যাপারেলস নামে কারখানা দুটির শ্রমিকরা সড়ক অবরোধ করে।

ওই বিক্ষোভে বিকালে মালিক পক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হারুনর রশিদ হাজারি সাংবাদিকদের জানান, বিজিএমইএ প্রতিনিধি দল কারখানা দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে এগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল।

“তা মেনে রোববার মালিকপক্ষ কারখানা বন্ধের নোটিস দিলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।”

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ তাদের বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেয়।

সকালে কয়েক ঘণ্টা কাজ করার পর কারখানা বন্ধের ঘোষণা পেয়ে দুপুরে বেতনের দাবিতে আতুরার ডিপো এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে শ্রমিকরা।

এসময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে তারা কারখানায় ঢুকে পড়ে।

শ্রমিকরা বলছে, মালিক পক্ষ আগামী ৮ এপ্রিল তাদের মার্চ মাসের বেতন দেয়ার ঘোষণা দিলে তা নিয়ে আলোচনার সময় তাদের ওপর হামলা হয়।

এরপর কারখানার ভেতরে ও বাইরে ভাংচুর চালায় শ্রমিকরা।

এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে কারখানা দুটির পরিচালক মো. আজিজ সোমবার দুপুর ২টায় ডে অ্যাপারেলস ও বিকাল ৪টায় ম্যানস অ্যাপারেলসের শ্রমিকদের বেতন দেয়ার ঘোষণা দেন।

মিকদের ওপর মালিক পক্ষের হামলার অভিযোগটি তদন্ত করে দেখবেন বলে জানান পুলিশ কর্মকর্তা হাজারী।