সুচিত্রা সেনের জন্মদিন পালিত পাবনায়
পাবনায় পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের ৮৪তম জন্মদিন।
এ উপলক্ষে রোববার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ তার শৈশবের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা টাউন গার্লস হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করে। ওই সময় এ স্কুলটির নাম ছিল মহাকালী পাঠশালা।
অনুষ্ঠানের শুরুতে সুচিত্রা সেনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরাবতা পালন করা হয়। এরপর হয় আলোচনা সভা। পরে জন্মদিনের কেক কেক কাটা হয়।
জেলা পরিষদ প্রশাসক ও সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক কামরুজ্জামান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক প্রমুখ।
বক্তারা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটি পুনরুদ্ধারের দাবি জানান।
১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলার নানার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর অতিবাহিত হয় পাবনা শহরের গোপালপুরে পৈত্রিক বাড়িতে। নবম শ্রেণিতে পড়াকালে তারা পরিবারসহ পাবনা ছেড়ে চলে যান।
তার বাবা করুনাময় দাশগুপ্ত পাবনা পেরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিনী। পাঁচ ভাই তিন বোনের মধ্যে সুচিত্রা সেন ওরফে রমা ছিলেন তৃতীয়।
