২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেএসএস সমর্থক খুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এর এক সমর্থক।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

উপজেলা সদরের বেলতলী পাড়ায় শনিবার দুপুর দেড়টার এই ঘটনায় আরো এক যুবক গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম নারায়ণ চাকমা (৩০), আহত ব্যক্তি হলেন জীতেন চাকমা (১৮)।

হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ পাহাড়ি সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন দলটি।

তবে জেএসএসের অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রসিত বিকাশ খীসা নেতৃত্বাধীন পাহাড়ি দলটি।

লক্ষ্মীছড়ি থানার এসআই বাহার মিয়া সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে নিহত হন নারায়ণ, গুলিবিদ্ধ হন জীতেন।

গুলিবিদ্ধ জীতেনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

জেএসএসের সহ তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেছেন, “ইউপিডিএফের অস্ত্রধারী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে । আমরা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অন্যদিকে ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র নিরন চাকমা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।