ঈশ্বরদীতে যুবলীগ কর্মীদের মারধর, বিএনপি কার্যালয়ে হামলা
পাবনার ঈশ্বরদীতে টেম্পুস্ট্যান্ডের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দ্বন্দ্বের জেরে যুবলীগকর্মীদের মারধর এবং পরে স্থানীয় এক বিএনপি কার্যালয় ও এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন দুদলের নেতারা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী রেলগেটে টেম্পুস্ট্যান্ডের দখল নিয়ে তিন যুবলীগ কর্মীকে মারধর করা হয়। এরপর বিকালে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়া হয়।
ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় এবং আমার নিজ ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
“সকালে ঈশ্বরদী রেলগেটে টেম্পুস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে স্থানীয় ৩ যুবলীগকর্মী মারপিটের স্বীকার হয়। এর জের ধরে তারা আমার উপর প্রতিশোধ নিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। অথচ আমি গত কয়দিন ধরে ঢাকায় অবস্থান করছি।”
এবিষয়ে পুলিশ ও প্রশাসন দর্শকের ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি নেতার এই হামলার অভিযোগ অস্বীকার করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এঘটনায় আমাদের কেউ জড়িত নয়। সকালে একই স্থানে যুবলীগকর্মী তাপস, চুন্নু ও রকিবকে বিএনপির লোকজন মারপিট করে। এরই জের ধরে স্থানীয় লোকজন তাদের উপর হামলা চালাতে পারে।”
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‘বিএনপির লোকজনের হাতে যুবলীগের তিন কর্মী মারপিটের ঘটনার জের ধরে স্থানীয় লোকজন তাদের কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়।”
