শ্লীলতাহানির অভিযোগ, ডাক্তার বলছেন ষড়যন্ত্র
বরিশাল নগরীতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় ডা. আবুল হোসেনের (৫২) চেম্বার ‘দি ড্রাগ হাউজ’ থেকে তাকে আটক করা হয়।
তবে, ডা. আবুল হোসেনের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার এসআই চিন্ময় মিত্র জানান, সদর উপজেলার চরবাড়িয়া ইউপির কাগাশুড়া এলাকার মাহিনুর বেগম তার ১০ বছর ও পাঁচ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে বরিশাল নগরীতে আসেন।
বেলা ১১টায় দরিদ্র মাহিনুর তার ভিজিএফ কার্ডে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম ছাবুর স্বাক্ষর নিতে তার নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসায় যান।
এসময় তিনি তার দুই মেয়েকে নগরীর নতুন বাজার এলাকায় পূর্ব পরিচিত ডা. আবুল হোসেনের চেম্বারে রেখে যান।
২/৩ ঘণ্টা পর মা মাহিনুর ফিরে এলে বড় মেয়ে কান্নাকাটি করে মাকে জানায় যে, আবুল হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করেছেন।
বিষয়টি পুলিশে জানানো হলে আবুল হোসেনকে আটক করা হয়।
এসআই চিন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মা মাহিনুর বেগম চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।
এদিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় ডা. আবুল হোসেন সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে এ নারীর সঙ্গে তার বিরোধ ছিল। এ কারণে তাকে ফাঁসানো হয়েছে। এটি একটি ষড়যন্ত্র।
