যশোরে চিকিৎসক খুন
যশোরের কেশবপুর উপজেলায় এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে, মণিরামপুর উপজেলায় ‘অস্ত্র উদ্ধার অভিযানের’ সময় পুলিশের সঙ্গে থাকা এক আসামি পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।
কেশবপুর থানার ওসি আব্দুল জলিল জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মীর্জানগরে নিহত হন পল্লী চিকিৎসক সুব্রত কুণ্ডু (৩২)। তার বাড়ি কেশবপুরের শ্রীরামপুর গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে গোপালপুর বাজারে নিজের চিকিৎসা কেন্দ্র বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন সুব্রত। পথে দুর্বৃত্তরা তার পিঠে গুলি করলে সেখানেই তিনি মারা যান। গুলি তার শরীর ভেদ করে বুক দিয়ে বের হয়ে গেছে।
নিহতের মোবাইল ফোন ও টাকা পয়সা খোয়া যায়নি উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”
মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে সুন্দলপুর গ্রামে পুলিশের গুলিতে পায়ে আঘাত পেয়েছেন একাধিক মামলার আসামি মিজানুর রহমান (২৭)। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৩ মার্চ একাধিক ডাকাতি ও নারী নির্যাতন মামলার আসামি মিজানুরকে সুন্দলবাজার থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে।
বুধবার রাত ৮টার দিকে তাকে তার বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যাওয়া হয়। এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পায়ে গুলি করে পুলিশ।
