বিমান এমডির পদত্যাগ
দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় বিমান ছাড়লেন রাষ্ট্রীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল।
স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
রোববার স্টিলের পদত্যাগের গুঞ্জন শোনার পর তাকে ই-মেইল করা হলে ফিরতি বার্তায় তিনি বলেন, “শারীরিক অসুস্থতার কারণে আমি বিমান থেকে পদত্যাগ করেছি।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৩ সালের ১৮ মার্চ দায়িত্ব নিয়েছিলেন তিনি।
দায়িত্ব দিতে ৪২ জন প্রার্থীর মধ্য থেকে যুক্তরাজ্যের নাগরিক কেভিন স্টিলকে বেছে নেয় বিমান পরিচালনা পর্ষদ। এরপর বিমানের প্রথম বিদেশি এমডি হিসেবে ঢাকায় আসেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এই কর্মকর্তা।
উড়োজাহাজ শিল্পে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন স্টিল এর আগে ব্রিটিশ এয়ারওয়েজের সিঙ্গাপুর, চীন, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও সৌদি আরব স্টেশনে কাজ করেছেন।
স্টিল ২০১০ সাল থেকে এরিক এয়ার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বাণিজ্য) হিসেবে কর্মরত ছিলেন।
ইংরেজি ছাড়াও মান্দারিন (চীনা), ফরাসি ও জার্মান ভাষায় পারদর্শী স্টিল চার্টার্ড ইনস্টিটিউট অব ট্রান্সপোর্ট-এর একজন ফেলো ও সদস্য এবং বিপণন ব্যবস্থাপনা ইনস্টিটিটিউটেরও একজন সদস্য।
