সিলেটে পরীক্ষার্থীকে পুড়িয়ে মারার চেষ্টা
এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে এবং শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর ১টায় সিলেট নগরীর মেডিকেল কলোনিতে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আগুনে শরীরের বেশিভাগ পুড়ে যাওয়া এহতেশামুল হক শাওনকে (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. হাসিবুর রহমান জানান, “আগুণে শাওনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
“তার অবস্থা আশঙ্কাজনক।”
মেডিকেল কলোনি এলাকার এনামুল হক সোহাগের ছেলে শাওন আল রাইয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি দিচ্ছে।
কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার দুপুর ১টায় নগরীর মুন্সীপাড়া এলাকার কয়েকজন সন্ত্রাসী শাওনের উপর হামলা চালায়।
এ সময় তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পেট্রোল ঢেলে শরীরে আগুণ লাগিয়ে দেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা শাওনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাওনের বাবা এনামুল বলেন, “দুপুরে এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময় জানতে বাসা থেকে বের হয় শাওন।
পথে মুন্সিপাড়া এলাকার চিহ্নিত কয়েকজন শাওনের উপর হামলা চালায় বলে জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবজাদ আহমদ আমজাদ সাংবাদিকদের জানান, চুলকাটা নিয়ে কটুক্তির জেরে কিছুদিন আগে শাওনের সাথে হামলাকারীদের বাকবিতণ্ডা হয়।
ওই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর বিষয়টি সালিশ করে নিষ্পত্তি করে দেন।
পূর্ব ঘটনার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
