২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় হামলায় ৪ ছাত্রলীগ নেতা আহত 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ চার নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:55 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি মেসে এ হামলায় আহত হন ছাত্রলীগ সহ-সভাপতি তুষার কিবরিয়া, সদস্য রিপন, রুবেল ও জয়।

তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দায়ী করা হলেও তিনি তা অস্বীকার করেছেন।

আহত তুষার কিবরিয়ার অভিযোগ, রইচ জুবায়দা হাইট নামের মেসে তার কক্ষে বসে ১০-১৫ জন কর্মীকে নিয়ে কথা বলছিলেন তিনি। বেলা ৩টার সময় সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান ও বহিষ্কৃত ছাত্রনেতা হাদীউজ্জামান হাদীর নেতৃত্বে ১৫-২০ জন কর্মী অতর্কিতভাবে কক্ষে ঢুকে হামলা চালায়।

“তারা আমারে ডান হাতে কোপ মারে এবং ছাত্রলীগের সদস্য রিপন, রুবেল ও জয়ের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে চলে যায়।”

তিনি আরও বলেন, পছন্দের প্রার্থীর চাকরির আবেদন বাতিলের প্রতিবাদে গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হাদীউজ্জামান হাদী দলবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় হামলা চালিয়ে কাগজপত্র তছনছ ও লুট করে নিয়ে যায়।

এ অভিযোগে ২২ ফেব্রুয়ারি হাদীকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। হাদী গত বছরের ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের উপর এসিড নিক্ষেপ মামলার অভিযোগপত্রভুক্ত দুই নম্বর আসামি।

এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে দেয়াল পত্রিকা বের করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতন্ডা হয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সেখানে গিয়ে রনি নামে এক শিক্ষার্থীকে মারধর করে।

পরে সহকারী প্রক্টর আতিকুর রহমান ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি সমঝোতা করে দেন। তুষার কর্মীদের নিয়ে মেসে চলে যান।

এদিকে অভিযোগ অস্বীকার করে সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান বলেন, “বিষয়টি মিথ্যা ও অসত্য। আমি নোংরা রাজনীতি করি না। অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে তারা এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”