হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন
রাজশাহীর গোদাগাড়ীতে চার বছর আগে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন জেল ও জরিমানা হয়েছে।
পাশাপাশি আরো ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ২৯ আসামির মধ্যে বেকসুর খালাস পেয়েছেন বাকি ১৩ জন।
ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলম খান বৃহস্পতিবার এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সেলিম হোসেন, মিজান আলী, হুমায়ুন, আইনাল হক এবং দুই সহোদর রায়হান ও রেজাউল ইসলাম।
অন্য একটি ধারায় তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
তিন বছর করে সশ্রম কারাদণ্ডসহ ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া ১০ জন হলেন- তিন ভাই মাজাহার আলী, আজাদ আলী ও তাজেল আলী এবং শহিদুল ইসলাম, আক্কাস আলী, সরোয়ার্দি, স্বাধীন, গাজলু, আবুল হোসেন ও মাসাদুল হক।
এই ১৬ আসামিকে আরেকটি ধারায় দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের পাঁচশ টাকা জরিমানা, অনাদায়ে আরে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামের ওয়াকতিয়া মসজিদের জমি দখলকে কেন্দ্র করে আসামিরা ২০১০ সালের ২৫ জুলাই সেখানে হামলা চালায় এবং মসজিদ কমিটির সভাপতি আব্দুস সাত্তারকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
সাত্তারকে বাঁচাতে এগিয়ে গেলে তার বোন হালিমা বেগমকেও (৩০) রড দিয়ে পিটিয়ে জখম করে আসামিরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পরদিন ২৬ জুলাই নিহতের ভাই আব্দুস সাত্তার বাদি হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যাসহ মুসল্লিদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করেন।
রায় ঘোষণার সময় ২৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই চাপাল গ্রামেরই বাসিন্দা।
২৯ জন আসামির মধ্যে যাবজ্জীবন সাজা পাওয়া ছয় জন আগে থেকেই কারাগারে ছিলেন। বাকিদের মধ্যে কয়েকজন জামিনে ছিলেন বলে জানিয়েছেন রাস্ট্রপক্ষের আইনজীবী।
