নানা অনুষ্ঠানে জিল্লুর রহমানকে স্মরণ
প্রথম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে।
বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকালে বঙ্গভবনে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দরবার হলে অনুষ্ঠিত মিলাদে রাষ্ট্রপতি আবদুল হামিদ অংশ নেন।
বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন। রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
মিলাদে জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তির পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
বাদ আসর জিল্লুর রহমানের গুলশানের বাসায় মিলাদ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাহারা খাতুন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল মিলাদ ও দোয়ায় অংশ নেন।
ভাষা সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন তিনি।
বঙ্গবন্ধুর স্নেহধন্য জিল্লুর রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকতেন চাচা, আওয়ামী লীগে তার অবস্থান ছিল অভিভাবকের মতোই।
শুধু আওয়ামী লীগই নয়, রাজনৈতিক অঙ্গনে তাকে অভিভাবক মানতে কারোই আপত্তি ছিল না। নির্বাচন কমিশন পুনর্গঠনে তার ডাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাড়া দেয়া তারই নজির ছিল। দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের নজিরও ছিলেন জিল্লুর রহমান। নিজের দুঃসময় উপেক্ষা করে আওয়ামী লীগের দুঃসময়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন এই অশীতিপর নেতা। ২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার আগে শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতি করে যান জিল্লুর রহমানকেই। জিল্লুর রহমানের জন্ম ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদে ওই এলাকা থেকে নির্বাচিত হওয়ার পর সব সময় ওই আসন থেকে নির্বাচন করে আসছিলেন তিনি।
ভৈরব থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুর রহমান। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর ওই আসনে এখন প্রতিনিধিত্ব করছেন ছেলে নাজমুল হাসান।
জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর গুলশানের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
গ্রামের বাড়িতেও মিলাদ ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
আপাদমস্তক রাজনীতিক রাষ্ট্রপতির প্রয়াণ
