পদ্মা সেতুর টাকা স্থানান্তর হয়নি: মন্ত্রী
পদ্মা সেতু প্রকল্পের টাকা অন্য কোনো খাতে স্থানান্তর করা হয়নি বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে জরুরি এক সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “কিছু কিছু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছে যে পদ্মা সেতু প্রকল্পের টাকা অন্যখাতে স্থানান্তর করা হচ্ছে, আদৌ তা সত্য নয়।”
পদ্মা সেতু নির্মাণ সরকারের ‘অগ্রাধিকারে’ রয়েছে বলে জানান মন্ত্রী।
ফাইল ছবি
এ বিষয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে তথ্য যাচাই ও আরো সতর্কতা অবলম্বনের জন্য সাংবাদিকের প্রতি আহ্বান জানান তিনি।
কাদের বলেন, “কোন প্রকল্পের অলস টাকা বসিয়ে রাখার উপায় নেই, আগামী মে মাসে হয়ত এ প্রকল্পের প্রায় পাঁচ হাজার কোটি টাকা ফেরৎ দিতে হবে। কিন্তু আগামী বাজেটে তা আবার একইভাবে বরাদ্দ দেয়া হবে এবং এ বরাদ্দের পরিমাণ বেশিও হতে পারে।”
আগামী জুনে প্রকল্পের মূল সেতুর কার্যাদেশ দেয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, “কার্যাদেশ দেয়ার পর প্রথম বছরে যে টাকা দিতে হয় সে টাকা রয়েছে। এছাড়া অ্যাপ্রোচ সড়ক ও সার্ভিস এরিয়ার কাজের জন্যও টাকা রয়েছ।”
তিনি বলেন, “এ প্রকল্পের কিছু টাকা আছে, যা ফেরত যাবে না। বাকী টাকা ফেরত গেলেও তা আগামী বাজেটে আবার বরাদ্দ দেয়া হবে।”
পদ্মা সেতুর মূল স্থাপনার কাজের জন্য দরপত্রে অংশ নেয়া তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদনের পর আর্থিক প্রস্তাব দিতে গত ১১ মার্চ তাদের চিঠি দেয়া হয়।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়বে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
পদ্মা সেতু নির্মাণে ২০১১ সালে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণ চুক্তি হলেও পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি ঝুলে যায়। দীর্ঘ টানাপোড়েন শেষে গত বছর জানুয়ারিতে দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পে অর্থায়নে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয় সরকার।
বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিলের পর নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় সরকার।
‘পদ্মা সেতু: সাড়ে ১৭ হাজার কোটি টাকার কাজ এবছর’
পদ্মা সেতু: আর্থিক প্রস্তাব দিতে তিন ঠিকাদারকে চিঠি
