বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে বিএসএমএমইউর বিনামূল্যে সেবা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)চিকিৎসকরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগী দেখবেন। এরপরেও রোগী থাকলে তাদের ফেরানো হবে না।
এসব চিকিৎসকদের মধ্যে শল্য চিকিৎসা, হৃদরোগ, শিশু চিকিৎসা, দন্ত, নিউরো সার্জারি, অর্থোপেডিক ও মেডিসিনসহ প্রায় ৩০টি বিভাগের বিশেষজ্ঞরা থাকেবেন বলে জানান তিনি।
প্রাণ গোপাল বলেন, “কাজের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে চাই।”
সোমবার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। জাতির জনকের জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবেও পালন করা হয়। সরকারি ছুটিও ছিল এদিন।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট কিছু সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
১৯৯৮ সালের দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বঙ্গবন্ধুর নামে।
বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ থেকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।
