গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ৩ নারী নিহত
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন নারী নিহত হয়েছেন।
সোমবার দুপুরের এই বিস্ফোরণে নিহতের সংখ্যা চার বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল পুলিশ।
পরে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে ভুজপুর থানার ওসি মো. কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,একটি শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
এর আগে ওসির পাশাপাশি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরাও চারজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন।
আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে প্রমি আক্তার নামে সাত বছরের শিশুটিও রয়েছে।
প্রবাসী স্বজনকে শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে দুপুরে ভুজপুরের সুয়াবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা কবীর বলেন, মোহাম্মদ শফী নামে এক দুবাই ফেরত ব্যক্তিকে নিয়ে তার স্বজনেরা মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়।
নিহতরা হলেন- শফীর মা বুলবুলি বেগম, শাশুড়ি হালিমা খাতুন ও ভাবি পারভিন আক্তার।
শফীর বাড়ি ভুজপুরের হারবাংছড়ি গ্রামের আমান বাজারের মিয়া বাড়িতে।
আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে প্রমি ছাড়াও রয়েছেন লাভলী আক্তার (৯), শারমিন আক্তার (১১), সুমি আক্তার (১১) ও মরিয়ম বেগম (৫২)।
এদের মধ্যে প্রমি, লাভলী ও শারমিন তিনজন শফীর মেয়ে। সুমি শফীর বড়ভাইয়ের মেয়ে। মরিয়ম তার বড়ভাই আবদুস সাত্তারের শ্বাশুড়ি।
মরিয়ম বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম এয়ারপোর্টে যাওয়ার সময় তারা ওই মাইক্রোবাসে ১৬ জন ছিলেন। ফেরার সময় শফীসহ ১৭ জন ওঠেন।
“হঠাৎ মাইক্রোবাসের পেছনের অংশে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।”
পাঁচ বছর পর দুবাই থেকে দেশে ফেরা শফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় আমার মা, শাশুড়ি ও ভাবী মারা গেছেন। তারা গাড়ির একবারে পেছনে বসেছিলেন।”
