নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রীতি বিতর্ক
‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীর ভূমিকাই মুখ্য’ শিরোনামে ঢাকায় প্রীতি বিতর্ক হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে বৃহস্পতিবার এই বিতর্ক হয় বলে মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসপিনা আক্তার, জি এম আরিফুজ্জামান, আয়শা সিদ্দিকা মোহনা, কবীর হোসেন, স্বর্ণা বসু ও মো. রফিকুল ইসলাম অংশ নেন।
অনুষ্ঠানে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম নারী অধিকার ও মানবাধিকার রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “তর্ক-বিতর্ক, যুক্তি-তর্ক, আলাপ-আলোচনা সবকিছুরই মূল লক্ষ্য হল একটি গণতান্ত্রিক মানবিক সমাজ প্রতিষ্ঠা করা।”
প্রীতি বিতর্কে পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ঢাকা কালেজের শিক্ষার্থী মশিউর রহমান, নটরডেম কলেজের শুভ্র নীল পান্থ, ভিকারুননিসা নুন কলেজের অনাদিনী মগ্ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবাংশ শুভ।
অনুষ্ঠানে ছয়টি কলেজের ৪৫ জন শিক্ষার্থীসহ ৬০ জন উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়শা খানম।
মহিলা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমা মোসলেমও এই অনুষ্ঠানে বক্তব্য দেন।
