২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসি মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে থাকা মিয়ানমারের মুসলিম শরণার্থীদের ফেরাতে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 10:36 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ঢাকা সফরে আসা ইসলামী সম্মেলন সংস্থা- ওআইসির মহাসচিব রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “ওআইসি মহাসচিব মিয়ানমার শরণার্থীদের প্রত্যাগমনের উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন।” বাংলাদেশে মিয়ানমারের ৫ লাখের বেশি শরণার্থী রয়েছে। মিয়ানমারের রাখাইন প্রদেশের এই মুসলিম শরণার্থীরা রোহিঙ্গা নামেই পরিচিত।

শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফরেও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকে এনিয়ে আলোচনা করেন।

চরমপন্থাকে ইসলামের প্রধান শত্রু আখ্যায়িত করে এর বিরুদ্ধে সোচ্চার থাকতেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মুসলিম দেশগুলোর জোটের মহাসচিব।

মাহবুবুল হক বলেন, “ওআইসি মহাসচিব বলেছেন, চরমপন্থা আমাদের প্রধান শত্রু। চরমপন্থার বিরুদ্ধে আমাদের কণ্ঠ সোচ্চার করতে হবে। তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।”

মুসলিম বিশ্বকে এক রাখতে ওআইসিভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন মাদানি।

বাংলাদেশে প্রচার মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার প্রচার মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

ওআইসি মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তবে, বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও আছে। সকল ধর্মের লোক বাংলাদেশে শান্তিতে বসবাস এবং ধর্ম পালন করছেন।

১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে ওআইসিতে যোগ দেয়ার পর থেকে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে বলে শেখ হাসিনা উল্লেখ করেন।

ওআইসির মহাসচিব হিসাবে নির্বাচিত হতে বাংলাদেশের সমর্থনের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মাদানি। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের জন্য তাকে অভিনন্দনও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠকে আরো উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুস সোবহান শিকদার এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক।