বেনাপোলে অস্ত্রসহ আটক ২
বেনাপোল বন্দর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দুপুরে ছোট আচড়া রেল লাইন এলাকায় আটক রিপন ও ইমরানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আশরাফ আলী জানিয়েছেন, বন্দর এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিপন ও ইমরান মোটরসাইকেলে করে বন্দর এলাকায় আসছিল। ছোটআচড়া রেল লাইন অতিক্রম করার সময় পুলিশ তাদের গতিরোধ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তাদের ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। ওই সময় রিপনের দেহ তল্লাশি করে বিদেশি পিস্তলটি পাওয়া যায়।
আটক রিপন(২৭) বেনাপোলের ছোট আচড়া গ্রামের হাবিবুর রহমান হাবির ছেলে ও ইমরান (২৫) একই গ্রামের ওমর আলীর ছেলে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান আশরাফ আলী।
