২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চট্টগ্রাম মেডিকেলে সমাবেশ

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে কলেজ ক্যাম্পাসে সমাবেশ করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 09:40 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার সকালে কলেজের মোজাম্মেল চত্বরের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

একই দাবিতে আগামী ১১ মার্চ নগরীর লালদীঘি মাঠে সমাবেশের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্মিলিত দাবি দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে হবে।

এ নিয়ে বির্তক সৃষ্টিকারীরা কেবল চট্টগ্রাম বিদ্বেষীই নয়, জাতীয় স্বার্থ বিরোধীও বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন বারের সাবেক এ মেয়র বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে সবার আগে চট্টগ্রামবাসীই চিকিৎসাসেবা লাভ করবে। আধুনিক শিক্ষা পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশকে আলোকিত করবে।

“যারা মনে করছেন বিশ্ববিদ্যালয় হলে ক্ষতিগ্রস্ত হবেন, তারা ভুল মানসিকতা পরিহার করুন। আমি কারো পেটে কোনোদিন লাথি মারিনি। গরীব-দুখী মানুষের পাশে অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্তের  বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১১ মার্চ লালদীঘিতে জনসভা আহ্বান করেছে নগর আওয়ামী লীগ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক সমাবেশে সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঠেকাতে চট্টগ্রাম মেডিকেলে গত ২ থেকে ৪ মার্চ প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করে ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

এর আগে, ২ মার্চ বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষ-বিপক্ষে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেন চিকিৎসক ও কর্মচারীরা।

ওই দিন চিকিৎসকদের মিছিল থেকে কর্মচারীদের ওপর হামলা চালিয়ে নার্সদের লাঞ্ছিত ও মাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ করেছেন কর্মচারী সংগঠনগুলোর নেতারা।