নারী উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করার আহ্বান
নারী শিক্ষা বিস্তার এবং অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে নারীর অগ্রসরতা বাড়াতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্বাধীনতার ৪২ বছর পার হয়েছে। কিন্তু এখনো দেশে স্বাধীনতাবিরোধী শক্তি রয়েছে, যারা নারী শিক্ষা, নারী প্রগতির বিরুদ্ধে কথা বলে। দুঃখের কথা হল, এদের পক্ষে কথা বলার মত লোকও বাংলাদেশে রয়েছে।”
ফাইল ছবি
বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ আয়োজিত ওই অনুষ্ঠানে নাহিদ বলেন, “নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন বিস্তার ব্যতীত কখনোই একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আগামীকাল বিশ্ব নারী দিবস। সবার প্রতি আমার অনুরোধ, আসুন এই ইস্যুতে আমরা সবাই দল-মত নির্বিশেষে কাজ কাজ করি।”
শিক্ষামন্ত্রী বলেন, সরকার এরইমধ্যে নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়া শিক্ষাগত ও অর্থনৈতিকভাবে নারীদের অগ্রসরতার জন্য সরকারের পদক্ষেপ রয়েছে।
“কিন্তু এই পদক্ষেপগুলো তখনই সফল হবে, যখন আমরা সবাই একসঙ্গে অভিন্ন লক্ষ্যে অগ্রসর হব।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
