২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সান্ধ্য কোর্স চলবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 07:23 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার সিনেট ভবনে সংবাদ সম্মলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন।

এছাড়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলাও অব্যহত থাকবে বলে তিনি জানান।

গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগকর্মীদের হামলা এবং পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এ ঘটনা ও চলমান পরিস্থিতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, “দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকোর্স চালু রয়েছে। সেখানে এই বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না তা আমাদের কাছে বোধগম্য নয়।

“বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ এবং অনুষদের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে সান্ধকোর্সে চালু হওয়ায় তা অব্যহত থাকবে।”

হামলার বিষয়ে তিনি বলেন, সেদিন আন্দোলনকারীদের মধ্যে ‘সুযোগসন্ধানী’ আন্দোলনকারীরা ক্যাম্পাসে যে নাশকতামূলক কর্মকাণ্ড, বিভিন্ন একাডেমিক ভবন ও হল ভাংচুর, শিক্ষকদের গাড়ি ও কক্ষ ভাংচুর এবং তাদের কক্ষে অগ্নিসংযোগ, বিশেষ করে জুবেরী ভবনে শিক্ষকদের বাসা ও ক্লাব ভাংচুরের মতো ঘটনা নিন্দনীয়।

হামলার ঘটনার পরদিন ৪৭৫ জন শিক্ষার্থীর নামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে দুটি, পুলিশের পক্ষ দুটি ও ছাত্রলীগের পক্ষ থেকে দুটি মোট ছয়টি মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মলন প্রসঙ্গে আন্দোলনকারীদের সমন্বয়ক আয়তুল্লাহ খোমেনী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের সিদ্ধান্ত আন্দোলনকারীদের মনে বিরুপ প্রতিক্রিয়া তৈরি করবে।

“আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবিতে সম্মতি জ্ঞাপন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেবে।”