সংসদীয় বিতর্কে এমপিদের অংশ নেয়ার আহ্বান
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের সংসদীয় বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ দুই সংসদ সদস্য।
এছাড়া সংসদ সদস্যদের নিয়মিতভাবে সংসদ অধিবেশনে যোগ দেয়ারও পরামর্শ দেন তারা।
বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে দশম সংসদের নব নির্বাচিত সংসদ সদস্যদের ‘ওরিয়েন্টশন প্রোগ্রামে’ এই পরামর্শ দেন তারা।
অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জবাবদিহিতা নিশ্চিতে যে কোনো সংসদ সদস্য কার্যপ্রণালী বিধির আওতায় সংসদের বিতর্কে অংশ নিতে পারে।
“শুধুমাত্র আইন প্রণয়ন না, সংসদীয় বিতর্ক সংসদের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। যে কোনো সংসদ সদস্য জবাবদিহিতা নিশ্চিতে বিতর্কের পয়েন্ট সংসদে ওঠাতে পারেন।”
কার্যপ্রণালী বিধি ও আইন প্রণয়ন সম্পর্কে নব নির্বাচিত সংসদ সদস্যদের ধারণা দেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
অনুষ্ঠানে দলীয় সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ বলেন, “সংসদ একটি ডিবেটিং ক্লাবের মতো। এখানে খুবই প্রাণবন্ত আলোচনা হতে পারে। জবাবহিদিতা নিশ্চিত করতে প্রত্যেক সংসদ সদস্যের উচিত বিতর্কে অংশ নেয়।”
নির্বাহী বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিটির কার্যক্রমে সংসদ সংসদ্যদেরকে মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যদের ‘সাংসদ’ নামে ডাকার সমালোচনা করে তিনি বলেন, “ভারতের বিধান সভার সদস্যদের সাংসদ বলা হয়। আনন্দবাজার পত্রিকা সাংসদ লেখে, সেটা দেখে আমাদের প্রথম আলো পত্রিকাও সাংসদ লেখে। এখন দেখি সংসদেও কেউ কেউ স্টাইল করে সাংসদ বলেন।
“সংবিধানে কোথাও সাংসদ শব্দটি নেই। ৭ম সংসদে এবিষয়ে স্পিকারের চেয়ার থেকে রুলিংও এসেছিলো। আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা কেউ সাংসদ বলবেন না।”
ওরিয়েন্টেশন কর্মসূচিতে সংসদের কার্যপ্রণালী বিধি, বিল, সংসদীয় স্থায়ী কমিটি, জনবল ও প্রাধিকার, কূটনৈতিক পাসপোর্ট, অনাপত্তিপত্র, ভিজিট, আইডি কার্ড, নিরাপত্তা, আইন প্রণয়নসহ সংসদ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে অবহিত করা হয়।
সংসদ সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হুইপ শহীদুজ্জামান সরকার।
