২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দন পার্কে রাইড থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকার আশুলিয়ায় ‘নন্দন’ পার্কের চলন্ত রাইড থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:02 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবারের ওই ঘটনায় নিহত শিশুর নাম সোনালী আক্তার (৯)।

স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন জানান, সোনালী খালার সঙ্গে নারায়ণগঞ্জের পাগলার অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক বনভোজনে নন্দনে এসেছিল।

পটুয়াখালীর গলাচিপার ওমর ফারুকের মেয়ে সোনালী ওই স্কুলের ‘নার্সারির’ শিক্ষার্থী ছিল।

এসআই জাকারিয়া বলেন, “শনিবার সন্ধ্যা ৬টার দিকে ‘স্পেস গিয়ার’ নামে চলন্ত রাইড থেকে হঠাৎ নিচে পড়ে সোনালীর মাথায় আঘাত লাগে।

“দ্রুত তাকে পার্ক সংলগ্ন জনসেবা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনালীকে মৃত ঘোষণা করেন।”

সোনালীর খালা বিউটি আক্তার রাতেই ‘গাফিলতি’র অভিযোগ তুলে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছেন, বলেন এসআই জাকারিয়া।

তবে মো. গোলাম কিবরিয়া নামে নন্দন পার্কের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় তাদের কোনো গাফিলতি নেই।

শিশুটি অসাবধানতাবশতঃ রাইড থেকে পড়ে যায় বলে দাবি করেন তিনি।