২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে প্রধানমন্ত্রী-বিরোধী নেত্রী

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকারপ্রধান এবং বিরোধীদলীয় নেতা একই মঞ্চে ছিলেন রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এদিন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে সঙ্গে নিয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৩’ এর বিজয়ীদের পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টেডিয়ামের ভিভিআইপি লাউঞ্জে বসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাও শেখ হাসিনা ও রওশন এরশাদ একসঙ্গে দেখেন।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসেন বিকাল সাড়ে ৩টার দিকে। তার আগেই স্টেডিয়ামে উপস্থিত হন রওশন এরশাদ।

খেলা শেষে পুরস্কার বিতরণের আগে মঞ্চে গিয়ে হাসিনা ও রওশন পাশাপাশি বসেন। প্রধানমন্ত্রীর বামদিকে বসেন বিরোধীদলীয় নেতা এবং ডানদিকে বসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আক্তার হোসেন। এরপর বক্তব্য রাখেন মন্ত্রী ফিজার।

এই দুজন যখন বক্তব্য রাখছিলেন, তখন বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার কথা বলতে দেখা গেছে।

শেখ হাসিনা খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে যখন পুরস্কার বিতরণ করছিলেন তখন নীল পাড়ের সাদা শাড়ি পড়া রওশন তার পাশেই দাঁড়িয়েছিলেন। অনেক খেলোয়াড় ও কর্মকর্তা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামার সময় রওশনের সঙ্গেও হাত মেলান।

পুরো অনুষ্ঠানে থাকলেও বিরোধীদলীয় নেতা রওশন কোনো বক্তব্য রাখেননি।

২০১৩ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর ছোটাপীর প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স-আপ  হয়েছে বরিশালের তিন নম্বর করাপুর প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের কালাসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স-আপ  হয়েছে রাঙামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নীলফামারীর ছোটাপীর প্রাথমিক বিদ্যালয় বরিশালের তিন নম্বর করাপুর প্রাথমিক বিদ্যালয়কে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে।

অন্যদিকে ময়মনসিংহের কালাসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে।

নীলফামারীর ছোটাপীর প্রাথমিক বিদ্যালয়ের শাহীন এবং ময়মনসিংহের কালাসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তমা বেগম শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার নেন।

দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল একটি সোনার কাপ ও এক লাখ টাকা এবং রানার্স-আপ দল একটি রুপার কাপ ও ৭৫ হাজার টাকা পেয়েছে।

ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এ দুটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। ইউনিয়ন পর্যায়ে এবারের খেলা শুরু হয়েছে ২০১৩ সালের জুন মাসে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬২ হাজার ২০৭টি টিম। আর বঙ্গমাতা টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬২ হাজার ২৬১টি দল।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর শেখ হাসিনা বলেন, “এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা আগামীতে আরো উন্নত খেলোয়াড় হতে পারবে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড় বেরিয়ে আসবে, আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবে।”

আগামীতে এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।