বেতন বাড়িয়ে দুর্নীতি ঠেকানোর পরিকল্পনা
অবৈধ পথে অর্থ গ্রহণ ছাড়াই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে স্বচ্ছলভাবে জীবন-যাপন করতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করবে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন।
তবে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ আসতে বছরখানেক সময় লাগতে পারে বলে মনে করছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।
জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গত ২৪ নভেম্বর ১৭ সদস্যের ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গঠন করা হয়। এরপর রোববার তাদের প্রথম বৈঠক হয়।
বৈঠক শেষে কমিশনের প্রধান ফরাসউদ্দিন সাংবাদিকদের বলেন, “আজকে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে এর আগে গত দুই মাসে আমরা অনেক কাজ করেছি। আগামী ৬ থেকে ৯ মাসে কী কাজ করবো সেটা নিয়ে আলোচনা হয়েছে।”
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পান তা দিয়ে তাদের জীবনযাত্রার মানে ‘স্থিতিশীলতা’ থাকা দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর।
তিনি বলেন, “এবারের পে অ্যান্ড সার্ভিস কমিশনের একটা নতুন ধরনের পরিকল্পনা আছে- যদি বেতন-ভাতা বৃদ্ধি করা যায় তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
“কিছু কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হয়তো অসৎ পথে যেতে হয়, নতুন বেতন-ভাতা হলে সেখানে যাওয়া থেকে তাদের বিরত রাখা যাবে।”
ফরাসউদ্দিন বলেন, “আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো- সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেন মনেপ্রাণে নিবেদিত হয়ে, দক্ষভাবে, সৎভাবে কাজ করতে পারেন, দেশের সম্মৃদ্ধির জোয়ারে যেন জোরদার হাওয়া লাগাতে পারেন।”
কতদিনের মধ্যে সুপারিশ চূড়ান্ত করা যাবে জানতে চাইলে তিনি বলেন, “এটা ঠিক এই মুহূর্তে বলা মুশকিল। তবে আগামী ৬ মাসের মধ্যে দেয়া সম্ভব হবে না। কোনো কমিশনের রিপোর্টই ১২ মাস, ১৪ মাস, ১৫ মাসের আগে দিতে পারে নাই। আমরাও যে, ৯-১০ মাস, ১২ মাসের আগে দিতে পারবো সেটা বলা ঠিক হবে না।”
এটা কি স্থায়ী পে কমিশন হিসেবে কাজ করবে-এ প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, “এখনো পর্যন্ত এটা পে অ্যান্ড সার্ভিসেস কমিশন। স্থায়ী কমিশন হবে, সরকার ঘোষণা দিয়েছেন। এইটা হতে একটু সময় লাগবে।”
গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেয়ার সময় একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরেদের বেতন-ভাতা বাড়ানো হয়।
বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।
