মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ ৭
মুন্সীগঞ্জ সদরে উপজেলা নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রাবার বুলেটে ছয় হরতাল সমর্থকসহ সাত জন আহত হয়েছেন।
শনিবার ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন ছয় পুলিশস সদস্য ও তিন গণমাধ্যমকর্মীসহ আরো অন্তত ১৯ জন।
গুলিবিদ্ধরা হলেন- সদর উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তি (৪৫), রামপাল ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়ামিন দেওয়ান (২২) ও ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর হোসেন পুস্তি (২৫), যুবদলের কর্মী ফারুক হোসেন (৪২), শ্রমিক দলের কর্মী আব্দুল লতিফ (৪০), সেচ্ছাসেবক দলের কর্মী মাসুদ শেখ (৩০) ও স্কুটার চালক কামাল (৩০)।
তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবিদ্ধ সাতজনের শরীরের বিভিন্ন স্থানে ছড়রা গুলি এমনভাবে বিদ্ধ হয়েছে যে এখানে অপসারণ করা যাচ্ছিল না। তাই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
তবে গুলিবিদ্ধদের সকলেই আশঙ্কামুক্ত বলে জানান শৈবাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালের সর্মথনে মোহাম্মদ হোসেন পুস্তির নেতৃত্বে সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে একটি মিছিল বের হয়। সিপাহিপাড়া এলাকায় মিছিলটিতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পরে হাতিমারা ও সিপাহিপাড়া মোড়ে হরতাল সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে হরতালের পক্ষে স্লোগান দেয়।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালকারীরা রাস্তা বন্ধ করে পুলিশের ওপর ইটপাথর নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। পিকেটারদের ইটের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থলে বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি শহিদুল।
আহত পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন- এসআই মনিরুজ্জমান (৩৬), এসআই মনিরুল ইসলাম (২৫), কনস্টেবল মনোয়ার হোসেন (২৯), কনস্টেবল তুহিন মোল্লা (৩০), কনস্টেবল যোবায়দুল হক (৩১) ও কনস্টেবল মিরাজ হোসেন (৩০)।
এছাড়া রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মাদবর (৪৮), যুবদলের কর্মী নাঈম হোসেন (৩১), আক্তার হোসেন (৩০), রানা (২১), জনি (২২), জিতু (২৬), মিল্লাত (৩০), সাজু (৪২), রাসেল (৩৫), আওলাদ (৪০) এবং একাত্তর টিভির স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দন দেওয়ান (৩৫), চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাম্যান রাজিব বাবু (২৮) ও মাইটিভির ক্যামেরাম্যান কামাল (৪৬)।
তাদের সবাইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, হরতালে মুক্তারপুর এলাকায় পিকেটিং হলেও সদর উপজেলার অন্য কোনো এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের ভেতরে সব ধরনের যান চলাচল করলেও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সরাসরি বাস সার্ভিস কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
শহরের উত্তর অংশের কিছু দোকানপাট বন্ধ থাকলেও দক্ষিণের সব দোকানপাট খোলা রয়েছে বলে জানান তিনি।
জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মোশারফ হোসেন পুস্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার ২৭ জানুয়ারির নির্বাচনে জনরায়কে ছিনতাই করেই ক্ষান্ত নয় হয়নি। গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ হরতালের মিছিলে পুলিশ ন্যাক্কারজনকভাবে গুলিবর্ষণ করেছে।”
গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ভোটে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ব্যাপক কারচুপির অভিযোগ বিএনপিসমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পুস্তি, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করে। তারা পুনঃভোটের দাবিতে শনিবার সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন।
