ময়মনসিংহে পিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত
ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির ঘটনার পর ভালুকা ও গফরগাঁও উপজেলায় ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম (৩০) ও রফিকুল ইসলাম (২৮)।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে একদল ডাকাত ত্রিশাল উপজেলার রামপুর বাজারে ডাকাতি করে ট্রাকে চড়ে পালিয়ে যাওয়ার সময় ভালুকার শান্তিগঞ্জ সেতুর কাছে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে।
এ সময় তারা ট্রাক ফেলে পালিয়ে যাওয়া চেষ্টা করলে জনতা শান্তিগঞ্জ ও পাশের গফরগাঁও উপজেলার শিবগঞ্জে তিনজনকে ধরে পিটুনি দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় আরেকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করে বলেও জানান ওসি।
