সরকারের সহযোগিতায় আছি, থাকব: মজীনা
যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সহযোগিতায় আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমরা বর্তমান সরকারের সহযোগিতায় আছি, ভবিষ্যতেও থাকব।”
সোনার বাংলাদেশ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এ সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাবে বলেও তিনি জানান।
মজীনা আরো বলেন, তিনি অনেক দেশ ঘুরেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত ভাল, কর্মঠ ও সৃষ্টিশীল মানুষ তিনি কোনো দেশে দেখেননি।
নিজেদের প্রচেষ্টায়ই বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করছে। বাংলাদেশ নিজেদের প্রচেষ্টায় মিলেনিয়াম গোল অর্জন করতে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় তার সঙ্গে ছিলেন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি।
ইয়ানিনা জারুজেলস্কি বলেন, তারা বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছেন। এ অর্থ দিয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা করাসহ বিভিন্ন উন্নয়ন খাতে কাজ করা হবে।
হতদরিদ্র মানুষকে আত্মনির্ভরশীল হতে, মা ও নবজাতকের স্বাস্থ্যসহ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে তারা সহযোগিতা করবেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেলা ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মতবিনিময় সভা হয়। সভার শুরুতেই বরগুনা জেলার সার্বিক পরিচিতি তুলে ধরেন জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
