সোনালী ব্যাংকের টাকা চুরি: সিরাজ উদ্দিন রিমান্ডে
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা চুরির মূল হোতা সোহেলের মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভূঞাকে আটদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীবুল হাসান বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুপুরে কড়া নিরাপত্তায় তাকে আদালতে আনার পর তদন্ত কর্মকর্তা ও র্যাব-১৪ এর এএসপি রাজিব কুমার দেব ১০ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন করেন। শুনানি শেষে আটদিন হেফাজত মঞ্জুর করে আদালত।
২৬ জানুয়ারি সোনালী ব্যাংক, কিশোরগঞ্জ শাখার ভল্ট থেকে সুড়ঙ্গ করে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়।
টাকা চুরির মূল হোতা সোহেলকে ইন্ধনদাতা হিসেবে তার মামাশ্বশুর সিরাজ উদ্দিন ভুঞাকে চিহ্নিত করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গত ২২ ফেব্রুয়ারি ভোরে র্যাব কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশান থেকে তাকে আটক করে।
এ চুরির ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হলো।
